বর্তমান সময়ের অন্যতম তরুণ অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। বাংকার বয় দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। এরপর কারাগার, শুক্লপক্ষ, পুনর্জন্ম ৩-এর মতো জনপ্রিয় কিছু নির্মাণে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। অভিনয় আর ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন সেন্টু। সাক্ষাত্কার নিয়েছেন সাবিহা জামান শশী।

সিরিয়াল কিলার কামাল বর্তমানে আপনার জীবনে কেমন প্রভাব ফেলছে?

এটা ভাষায় বলে বোঝানো যাবে না। সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি। এটা আমাকে নতুন করে চ্যালেঞ্জ দিচ্ছে যে কাজটা করেছি, তার থেকেও আরো ভালো কাজ করার জন্য। এটা আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তবে কি কামাল এখন আপনার প্রতিদ্বন্দ্বী?

সেটা তো অবশ্যই। কারণ, এখন কামালের থেকেও আরো ভালো কিছু করতে হবে। দর্শক আমাকে এখন ভালোবাসছেন এবং তারা আমার কাছে এর থেকে আরো ভালো কিছু আশা করেন। আমি কতটুকু পারব জানি না, তবে আমি চেষ্টা করব ভালো কিছু দেয়ার জন্য।

কারাগারে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

কারাগারের প্রতিটি মানুষের সঙ্গে খুব ভালো সময় গিয়েছে। আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। স্কুলে নতুন ভর্তি হলে নতুন কিছু শেখার যে অনুভূতি থাকে, আমার তেমনই ছিল কারাগারে কাজ করার সময়। এটা আমার জন্য দুর্দান্ত এক অভিজ্ঞতা। 

নিখুঁতভাবে চরিত্রের সঙ্গে মিশে যান কীভাবে?

প্রতিটি চরিত্রের কিছু ক্রাইসিস থাকে। সে ক্রাইসিস আর আমার জীবনের নানা সমস্যা আমি এক করে ভাবি। দুদিকের ক্রাইসিস মেলাতে গিয়ে আমার ভেতরে একটা অনুভূতি তৈরি হয়, ওই অনুভূতি থেকেই আমি চরিত্রটা তুলে ধরতে চেষ্টা করি।

কোন ধারায় অভিনয় করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?

আমি মূলত সব ধারায়ই অভিনয় নিয়ে আনন্দ পাই ও স্বাচ্ছন্দ্য বোধ করি, যেখানে শিল্পের কথা বলা যায়। আমার কাছে কোনো ভাগ নেই। আমি সব ধারায়ই অভিনয় করতে চাই। সব ধরনের কাজই আমাকে নতুন করে বাঁচার উপলব্ধি দেয়। আমি শুধু দেখি চরিত্র ও গল্প। চিত্রনাট্য পড়ার পর যে চরিত্র আমাকে দেয়া হয়, সেটাকে আমি দেখি। যদি তা থেকে আমার ভেতরে একটা তাড়না তৈরি হয়, তাহলে আমি অভিনয় করি। যে চরিত্র আমার ভেতরে কোনো তাড়না সৃষ্টি করে না সে চরিত্র নিয়ে আমি আগাই না।

মিডিয়ায় আসার গল্পটা কেমন ছিল?

আমার দেশের বাড়ি কিশোরগঞ্জে, আর সেখানেই আমি থিয়েটার করতাম। আমার থিয়েটার চন্দ্রাবতী। এ থিয়েটারের মাধ্যমে ঢাকায় আন্তর্জাতিক শিশু নাট্যোৎসবে আসা হতো। আমরা প্রতি বছরই ঢাকায় এসে শো করে যেতাম। ২০১৬ সালে এইচএসসি শেষ করে ঢাকায় এসে আরণ্যক নাট্যদলে যুক্ত হতে চেষ্টা করি, সেখান থেকে আমাকে রিজেক্ট করা হয়। তবে আমি বিভিন্ন থিয়েটারে ওয়ার্কশপ করেছি। একটা নাট্যদলে দুটি শো করেছিলাম। থিয়েটার আমার প্রাণের জায়গা। আরণ্যক থেকেই আমি ওয়ার্কশপ করার মাধ্যমে মুন্না ভাই আর মাসুদ ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। মাসুদ ভাইয়ের একটা শর্টফিল্মে আমি অভিনয় করেছিলাম। ওখান থেকেই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। ২০১৮ সালে সাঁতাও। করোনার মাঝে সৈয়দ আহমেদ শাওকি ভাইয়ের একটা ডকুমেন্টারিতে অভিনয় করেছিলাম। একপর্যায়ে বাংকার বয় করা। বলা যায় আমার জীবনের টার্নিং পয়েন্ট বাংকার বয়।

সাঁতাও নিয়ে কিছু বলুন।

আমার জীবনের প্রথম চলচ্চিত্র সাঁতাও। আমি অডিশনের মাধ্যমে এটায় অভিনয় করার সুযোগ পেয়েছি। এক কথায় বলা যায় সাঁতাও মাটি ও মানচিত্রের গল্প। আমাদের ঢাকা শহরের বেশির ভাগ মানুষই গ্রাম থেকে উঠে এসেছেন। আর এ সিনেমা থেকে প্রতিটি মানুষ তাদের শৈশবে ফিরে যাবে, এটা আমি বিশ্বাস করি। আমি সবাইকে বলব আপনারা আসেন সাঁতাও দেখতে। পরিবারের সব সদস্য এক সঙ্গে বসে সিনেমাটা দেখতে পারবেন। তিস্তা নদীর পারের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে সাঁতাও।

নতুন তারকা হিসেবে কি মিডিয়ায় বৈষম্যের শিকার হতে হয়েছে?

আমি বৈষম্য জানি না। আমি বুঝি সততা। আমি মনে করি যাই করি না কেন, আমি যদি সৎ থাকি তাহলে কোনো বৈষম্যের শিকার হতে হবে না।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

নতুন কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি। তবে সেগুলো এখনই বলা যাবে না। বাংকার বয় করার পর জন মিল্টন ভাইয়ের মেসমেট করেছিলাম। আগামী বছর এটি হলে আসবে। আর সাঁতাও তো আসবেই। এছাড়া একটি সিনেমার মূল চরিত্রে অভিনয় করছি, দেখা যাক। আরো কিছু কাজ চলছে।