গুণী নির্মাতা শিহাব শাহীন। নাটক, সিনেমা ও টেলিফিল্মের পর ওয়েবমাধ্যমেও সরব এ নির্মাতা। তার একাধিক কনটেন্ট ওটিটি প্লাটফর্ম ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে। এবার নতুন ওয়েব ফিল্ম নিয়ে এলেন এ নির্মাতা। এক নারীর সমুদ্র দেখার গল্প নিয়ে শিহাব শাহীন নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম নীল জলের কাব্য। ওয়েব ফিল্মটিতে জুটি হয়ে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। আজ বেলা ৩টায় ওটিটি প্লাটফর্ম আই স্ক্রিনে স্ট্রিমিং শুরু হবে এ ফিল্মের।
ওয়েব ফিল্মটি নিয়ে শিহাব শাহীন বলেন, ‘আমরা ২০২১ সালের মার্চে নীল জলের কাব্যর শুটিং শুরু করেছিলাম। করোনার নানা বাধায় আমরা তিনবার শুটিং বন্ধ করেছিলাম। মেহজাবীন ও নিশো দুজন অনেক পরিশ্রম করেছে এর জন্য। আমাদের নীল জলের কাব্যটা খুব সাধারণ জীবনের গল্প। থ্রিলার ও সাইকোলজি বেস অনেক গল্প নিয়ে কাজ হচ্ছে, কিন্তু মধ্যবিত্তের গল্প খুব কম বলা হয়। নীল জলের কাব্যে মধ্যবিত্তের গল্প বলা হয়েছে।’ ওয়েব ফিল্মটি নিয়ে নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নীল জলের কাব্য আমার প্রিয় কাজের একটা। আজ এটা মুক্তি পেতে যাচ্ছে। মনে হয় সবার ভালো লাগবে। ২০২১ সালে আমি আমার মনের মতো গল্প পাচ্ছিলাম না। যখন কাজটা পাই খুব ভালো লেগেছিল। কক্সবাজার আমাদের দেশের অংশ, অনেক মানুষ ওখানে গেলেও একটা বড়সংখ্যক মানুষ আছে, যারা কেবল কক্সবাজারের গল্প শুনেছে, কিন্তু দেখার সুযোগ পায়নি জীবনের টানাপড়েনে। নীল জলের কাব্যে আমার যে চরিত্র, সেখানে তার জীবনে এটা ইচ্ছা ছিল যে সে কক্সবাজার যাবে। চিত্রনাট্যটা আমাকে খুব টেনেছিল বলে কাজ করা।’
নীল জলের কাব্য ওয়েব ফিল্মটিতে আফরান নিশোকে দেখা যাবে মেহজাবীনের বিপরীতে। এ নিয়ে নিশো বলেন, ‘একটা অদ্ভুত আবেগ আছে গল্পটায়। এটা খুব সুন্দর একটা গল্প। অনেক সময় খুব জটিল অনেক বিষয় পর্দায় দেখাই, কিন্তু নীল জলের কাব্য একজন মানুষের মনের ইচ্ছার গল্প। একটা ছোট্ট স্বপ্ন সেটা বাস্তবায়ন করার জন্য মানুষকে কত কিছু করতে হয় সেটা দেখা যাবে। আমাদের সমাজের সবার জীবন তো এক নয়। অনেকের অনেক রকম ত্যাগ স্বীকার করতে হয়। নীল জলের গল্প এমন একটা গল্প। সহজ-সরল এ গল্প আশা করি আপনাদের মনের কাছাকাছি যাবে।’










