গতকাল পর্দা নেমেছে বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসান চলচ্চিত্র উৎসব। এবারের আসরে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে নিউ কারেন্ট কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ (দ্য রেসলার) ও বিপ্লব সরকারের সিনেমা ‘আগন্তুক’। এছাড়া এশিয়া থেকে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘জিসোক’ বিভাগে জায়গা করে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত বলী। নিউ কারেন্টস বিভাগে প্রথম হয়েছে সিনেমাটি। বুসান উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত পুরস্কারের তালিকা থেকে জানা যায় এ খবর। নির্মাতাও বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল স্থানীয় সময় রাত ৭টায় বুসান সিনেমা সেন্টারের বিআইএফএফ আউটডোর থিয়েটারে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার হিসেবে সিনেমাটি পেয়েছে ৩৪ লাখ টাকা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার প্রেক্ষাপটে নির্মিত বলীর গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। তার চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া আছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম। সিনেমাটি প্রযোজনা করেছেন পিপলু আর খান। সহপ্রযোজনায় সাইফুল আজিম।

নিউ কারেন্টস বিভাগে বিচারকদের প্রধান দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র সমালোচক জুং সাং-ইল। তার নেতৃত্বে বিচারক প্যানেলে কাজ করেছেন দক্ষিণ কোরিয়ান পরিচালক হান জুন-হি (ডি.পি, ডি.পি. টু) ফরাসি সাংবাদিক ও কান চলচ্চিত্র উৎসবের সমান্তরাল বিভাগ ক্রিটিকস উইকের আর্টিস্টিক পরিচালক আভা কায়েন, ইন্দোনেশিয়ান পরিচালক এডউইন ও মার্কিন প্রযোজক ক্রিস্টিনা ও (ওকজা, মিনারি)। নিউ কারেন্টস বিভাগে দ্বিতীয় পুরস্কার পেয়েছে জাপানের মোরি তাতসুয়া পরিচালিত ‘সেপ্টেম্বর ১৯২৩’।

৭ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় বলী সিনেমার। নির্মাতা জানান, এ সিনেমা প্রসঙ্গে বিচারকদের মন্তব্য—এটি একটি চমৎকার এক রাউন্ড ম্যাচের মতো, যার মাধ্যমে মনোমুগ্ধকরভাবে একটি রোমাঞ্চকর কাহিনী বর্ণনা করা হয়েছে।

নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী সিনেমাটির গল্প নিয়ে বলেন, বলী সাগরপাড়ের গল্প। সাগরের মতোই বলী সিনেমার মূলত দুটি রূপ দেখতে পাবে দর্শক। একটি খুব শান্ত আর রহস্যঘেরা। আর অন্যটি খুব নিষ্ঠুর বিধ্বংসী রূপ ঠিক যেমন উত্তাল সাগর। আমাদের সিনেমার দুটি পোস্টারে এ দুই রূপ ধরা পড়েছে।

নানা ধরনের চরিত্রে অভিনয় করে এরই মধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা নাসির উদ্দিন খান। এবার বলী সিনেমা দিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। বলি সিনেমার শুটিংয়ে নাসির উদ্দিন যেটা করেছেন সেটা একদম অভাবনীয়। এ প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, ‘বলী সিনেমায় আমি সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছি। ক্ল্যাসিক সিনেমা হয়ে ওঠার সব সম্ভাবনা এ সিনেমার গল্পে আছে, এটা আমি বিশ্বাস করি। ছবিটি একই সঙ্গে খুবই আঞ্চলিক ও আন্তর্জাতিক একটি সিনেমা হবে বলে আমার মনে হয়েছে। ভালো লাগছে বুসানে আমাদের এ জয়ে।’ 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বলী সিনেমার ‘বিহাইন্ড দ্য সিন’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে চরিত্রের জন্য পরিশ্রম করা নিয়ে প্রশংসা পান নাসির উদ্দিন খান। এতে দেখা যায় উল্টো ডিগবাজি দিয়ে পানির একদম গভীরে চলে যাচ্ছেন তিনি। আবার পর মুহূর্তেই ঠিকঠাকভাবে পানি থেকে উঠে এসেছেন।

২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা বলী। গত বছরের এপ্রিল-মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। চট্টগ্রাম ও ঢাকার মঞ্চের একদল নবীন প্রতিভাবান শিল্পী কাজ করেছেন এ সিনেমায়। 

অন্যদিকে বলীর পাশাপাশি বুসান উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমাই প্রশংসা কুড়িয়েছে। এর মধ্যে জিসোক বিভাগে নির্বাচিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও নিউ কারেন্টস বিভাগে নির্বাচিত ‘আগন্তুক’। এ দুই সিনেমাও দক্ষিণ কোরিয়ার দর্শকের মন জয় করেছে। 

৪ অক্টোবর শুরু হয় ১০ দিনের বুসান চলচ্চিত্র উৎসব। এবারের অফিশিয়াল সিলেকশনে স্থান পেয়েছে ৬৯টি দেশের ২০৯টি চলচ্চিত্র। উৎসবের বিভাগগুলো হলো–গালা প্রেজেন্টেশন, আইকনস, জিসোক, আ উইন্ডো অন এশিয়ান সিনেমা, নিউ কারেন্টস, কোরিয়ান সিনেমা টুডে, ওয়ার্ল্ড সিনেমা, ফ্ল্যাশ ফরোয়ার্ড, ওয়াইড অ্যাঙ্গেল, ওপেন সিনেমা, মিডনাইট প্যাশন, অন স্ক্রিন, স্পেশাল প্রোগ্রাম ইন ফোকাস ও স্পেশাল স্ক্রিনিং। শেষ দিনে উৎসবের সমাপনী সিনেমা হিসেবে দেখানো হয় চীনের নিং হাও পরিচালিত ‘দ্য মুভি এম্পারার’।