প্রতিবারের মতো এবারো ফ্রান্সের দক্ষিণ উপকূলে বসেছে উৎসবের ৭৯তম আসর, যা চলবে ২৩ মে পর্যন্ত। বিশ্বের নানা প্রান্তের তারকাদের গ্ল্যামার আর ফ্যাশনের ঝলকানির মাঝে এবারের আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
ব্র্যান্ড লোরিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে হাজির হয়ে কান উৎসবে আলো ছড়িয়েছেন বডিউডের এ তারকা। কানের এ চোখ ধাঁধানো জৌলুসের মাঝে এক সাক্ষাৎকারে ভারতীয় সিনেমার এক সমস্যা নিয়ে কথা বলেছেন। আলিয়া প্রশ্ন তুলেছেন—কেন আমাদের চলচ্চিত্র জগৎ আজও কেবল পুরুষ দর্শকের কথা মাথায় রেখে সিনেমা বানানোর প্রতি বেশি ঝুঁকে থাকে?
আলিয়ার মতে, সিনেমার গল্প হওয়া উচিত একদম লিঙ্গ নিরপেক্ষ, যেখানে অভিনেতা কে তা বড় কথা না হয়ে বরং গল্পের আবেদনটাই থাকবে সবার ওপরে। তিনি উদাহরণ দিয়ে বলেন যে বর্তমানে হলিউডে ‘বার্বি’, ‘উদারিং হাইটস’ কিংবা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র মতো সিনেমাগুলো বিশ্বজুড়ে অভাবনীয় সাফল্য পেয়েছে, কারণ নারী দর্শক বিপুল সংখ্যায় সিনেমা হলে গিয়ে এ সিনেমাগুলো দেখেছে। কিন্তু ভারতের প্রেক্ষাপটে যখনই বক্স অফিসের আয়ের অংক নিয়ে আলোচনা হয়, তখন প্রায়ই একটি কথা উঠে আসে যে হলের দর্শকের ৭৫ শতাংশই পুরুষ, আর তাই আমজনতার কথা ভেবে কেবল তাদের পছন্দ অনুযায়ী সিনেমা বানানো হচ্ছে।
আলিয়া ভাট আক্ষেপ করে বলেন, ‘আমরা যদি কেবল পুরুষ দর্শকের জন্যই সিনেমা বানাই, তবে নারীদের সিনেমা দেখার আগ্রহ বা চাহিদার কী হবে? তার দাবি, কাউকে আলাদা না করে এমনসব সিনেমা বানানো দরকার, যা সবার কাছে পৌঁছতে পারবে।’ আলিয়া আশা করেন, ভবিষ্যতে সিনেমার পর্দায় নায়ক বা নায়িকা মুখ্য না হয়ে গল্পের মানটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
এদিকে ভক্তদের জন্য নতুন সিনেমা নিয়ে আসছেন আলিয়া। তাকে শিগগিরই সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। বড় বাজেটের এ সিনেমা ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া তার হাতে রয়েছে বহুল আলোচিত স্পাই থ্রিলার সিনেমা ‘আলফা’। আলিয়ার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ছিল ‘জিগরা’।
সূত্র: হিন্দুস্তান টাইমস










