১৯৬৮ সালের বিখ্যাত ‘কামব্যাক স্পেশাল’ টেলিভিশন অনুষ্ঠানে এলভিসের বাজানো ‘হ্যাগস্ট্রম ভাইকিং টু’ ইলেকট্রিক গিটারটি বিক্রির ঘোষণা দিয়েছে বিশ্ববিখ্যাত নিলামকারী সংস্থা সথবিজ। বাদ্যযন্ত্রটির সম্ভাব্য বিক্রয়মূল্য ধরা হয়েছে ১০ থেকে ২০ লাখ ডলার।

সুইডেনে তৈরি সেমি-হলো-বডি গিটারটি এলভিস প্রিসলির ক্যারিয়ারের অন্যতম মোড় পরিবর্তনকারী মুহূর্তের সাক্ষী। ১৯৬৮ সালের সেই বিশেষ সম্প্রচারে ‘ব্লু সুয়েড শুজ’, ‘ট্রাবল’ ও ‘গিটার ম্যান’-এর মতো জনপ্রিয় গানগুলোয় তিনি গিটারটি ব্যবহার করেছিলেন। এমনকি ১৯৬৯ সালে প্রকাশিত তার বিখ্যাত অ্যালবাম ‘এলভিস ইন মেমফিস’-এর প্রচ্ছদেও তাকে এ গিটার হাতে দেখা যায়। সথবিজের সংগীত ও পপ সংস্কৃতি বিশেষজ্ঞ ক্রেগ ইনসিয়ার্ডি বলেন, ‘গিটারটি এলভিসের কিংবদন্তিতুল্য প্রত্যাবর্তনের প্রতীক। দীর্ঘ বিরতির পর কালো চামড়ার পোশাকে সজ্জিত হয়ে যখন তিনি এ গিটার হাতে মঞ্চে ফিরলেন, তখন তা রক ইতিহাসের অন্যতম সেরা একটি মুহূর্তে পরিণত হয়েছিল।’ তার মতে, গিটারটি এলভিসকে তৎকালীন প্রজন্মের ভক্তদের সঙ্গে নতুন করে সংযুক্ত করেছিল এবং ‘রক অ্যান্ড রোলের রাজা’ হিসেবে তার অবস্থানকে চিরস্থায়ী করেছিল। সাধারণত এলভিস প্রিসলিকে অ্যাকুস্টিক গিটার বাজাতে দেখা গেলেও এটি ছিল একটি ইলেকট্রিক গিটার। বাদ্যযন্ত্রটি এলভিসের নিজস্ব ছিল না। অনুষ্ঠানের সেটের লাল ও কালো রঙের সঙ্গে তার পূর্বনির্ধারিত গিটারটি মানানসই না হওয়ায় পরিচালক ও প্রযোজক গিটারিস্ট আল কেসির কাছ থেকে চেরি রেড রঙের হ্যাগস্ট্রম গিটারটি ধার করেছিলেন। এলভিস প্রিসলি কেবল একবারই গিটারটি ব্যবহার করেছিলেন। পরবর্তী সময়ে কয়েক দশক ধরে এটি ব্যক্তিগত সংগ্রাহকদের কাছে ছিল। নিলামের সময়সূচি ও বাজার পরিস্থিতি নিয়ে সথবিজ জানিয়েছে, গিটারটির অনলাইন নিলাম ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়া গতকাল থেকে ২০ এপ্রিল পর্যন্ত নিউইয়র্কের ব্রুয়ার বিল্ডিংয়ে গিটারটি জনসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। সম্প্রতি সংগীতের স্মারক সংগ্রাহকদের বাজারে গিটারের আকাশচুম্বী দাম দেখা যাচ্ছে। কয়েক সপ্তাহ আগেই ডেভিড গিলমোরের ব্ল্যাক ফেন্ডার স্ট্রাটোকাস্টার ১ কোটি ৪৫ লাখ ডলারে এবং জেরি গার্সিয়ার টাইগার গিটার ১ কোটি ১৫ লাখ ডলারে বিক্রি হয়ে বিশ্বরেকর্ড গড়েছে।

সূত্র ও ছবি: রোলিং স্টোন