তিনি সাধারণত একক নাটকেই বেশি অভিনয় করেন। কিন্তু তার পরও তিনি কিছু ধারাবাহিক নাটকেও অভিনয় করেন। যেমন এ মুহূর্তে তার অভিনীত ‘কাজিনস’, ‘মিডল ক্লাস ফ্যামিলি’, ‘কিচেন পলিটিক্স’ ধারাবাহিকে অভিনয় করছেন। চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, সাগর জাহান, মহিদুল মহিম, রাফাত মজমুদার রিংকু, ইমরাউল রাফাত, রুবেল আনুশ, জাকারিয়া শৌখিনসহ আরো বেশ কয়েকজন নির্মাতার নাটকে তাকে নিয়মিত দেখা যায়। এছাড়া ‘রূপসা নদীর বাঁকে’, ‘কালবেলা’, ‘যদি একদিন’, ‘দামাল’, ‘পরাণ’, ‘খাঁচার ভিতর অচীন পাখি’, ‘দাগি’ ইত্যাদি সিনেমায়ও তাকে দেখা গেছে।
তবে তার যাত্রা ঢাকা থিয়েটার থেকে। ‘শকুন্তলা’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চনাটকে মিলি বাসারের অভিনয় জীবন শুরু হয়।
সাম্প্রতিক অভিনয় নিয়ে মিলি বাসার বলেন, ‘আমি যেসব নাটকে অভিনয় করি, প্রত্যেক নাটকেই আমার চরিত্রে অভিনয় করে ভীষণ তৃপ্ত থাকি। কারণ প্রতিটি নাটকেই আমার চরিত্রের বেশ গুরুত্ব থাকে। প্রত্যেক পরিচালক আমাকে যে ভাবনা থেকে কাস্ট করেন এবং তার সে ভাবনার প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। প্রতিটি নাটক প্রচারে আসার পর যে সাড়া পাই, তাতে সত্যিই আমি মাঝে মাঝে ভীষণ বিস্মিত হই। যখন যেখানে গিয়ে দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা সত্যিই অতুলনীয়।’










