দেশের সীমানা ছাড়িয়ে ওপার বাংলায় অনেক আগেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জয়া আহসান। বলিউডের সিনেমায়ও নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। নাম ‘কড়ক সিং’। এ সিনেমার পরিচালক ‘পিঙ্ক’খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। সিনেমাটিতে জয়া আহসানের সহঅভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আরো আছেন সানজানা সাংহি ও দক্ষিণের অভিনেত্রী পার্বতী থিরুভোথু। সিনেমাটি আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম জি ফাইভে। 

অন্যদিকে ভারতের গোয়ায় শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৪তম আসর। নয় দিনব্যাপী এ উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। উৎসবে জয়া আহসানের চারটি সিনেমা প্রদর্শন হবে। সিনেমাগুলো প্রচারণার কাজে তাই এখন গোয়ায়ই আছেন অভিনেত্রী। বলিউডে তার প্রথম সিনেমা কড়ক সিংয়ের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। এরই মধ্যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার আসরে হয়ে গেল এ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। কড়ক সিংয়ের পুরো টিম হাজির হয়েছিল এ আয়োজনে। এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জয়া আহসান। সেখানে বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কয়েকটি ছবিও শেয়ার করেছেন এ অভিনেত্রী। জয়া আহসান বলিউডে তার প্রথম সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার প্রসঙ্গে বলেন, ‘অভিনয়জীবনে স্মরণীয় হয়ে থাকবে দিনটি। নতুন একটা যাত্রা করলাম। ক্যারিয়ারের নতুন সংযোজন। সবটা মিলিয়েই ভালো লাগা কাজ করছে।’

কড়ক সিং সিনেমাটির ট্রেলার সামনে আসতেই প্রশংসা পাচ্ছেন জয়া আহসান। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটা গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন সিনেমাটির জন্য আমার কাছে প্রস্তাবটি আসে, তখন থেকেই রোমাঞ্চ কাজ করছিল। আমার সৌভাগ্য সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী আর সহঅভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। অনেকদিন ধরেই তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল আমার।’

বলিউডের শক্তিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। বড় পর্দার পাশাপাশি ওয়েব মাধ্যমেও জনপ্রিয় এ অভিনেতা। কমেডি থেকে থ্রিলিং ক্রাইম জাতীয় সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা। পঙ্কজ ত্রিপাঠি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘তার সঙ্গে এটা আমার প্রথম কাজ। শুটিং শুরু হওয়ার পরই বুঝতে পেরেছি তিনি ভীষণ ভালো মানুষ। সহজ ভাষায় একজন চমৎকার মানুষ পঙ্কজ ত্রিপাঠি। আমার কাছে মনে হয় তার স্ত্রীও অসাধারণ। চলচ্চিত্র উৎসবে এসে আমরা সবাই দারুণ সময় পার করছি। গল্প আর সিনেমা দেখেই সময়টা যাচ্ছে।’

চলচ্চিত্র উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের সিনেমার জনপ্রিয় সব তারকা হাজির হয়েছিল। জয়াও তার সিনেমা নিয়ে উপস্থিত ছিলেন এ আয়োজনে। চলচ্চিত্র উৎসবে কড়ক সিং ও মুর্তজা অতাশ জমজমের ইরানি সিনেমা ‘ফেরেশতে’ প্রিমিয়ার হয়েছে। এছাড়া জয়া অভিনীত সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ ও কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাগুলো গোয়ার চলচ্চিত্র উৎসবে ৫৪তম আসর প্রদর্শনীর অপেক্ষায়। সবক’টি নিয়েই জয়া উচ্ছ্বসিত। 

জয়া আহসান অভিনীত ইরানি সিনেমাটি পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম। এখনো মুক্তি পায়নি ‘ফেরেশতে’। ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করছে জয়ার ফেরেশতে।

সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, ‘ফেরেশতে সিনেমায় সংগ্রামী ও সাহসী একজন নারীর চরিত্রে অভিনয় করেছি। প্রথমবার ইরানি সিনেমায় অভিনয় করা নতুন এক অভিজ্ঞতা আমার জন্য।’ 

জয়া আহসান ছোট পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। একটা সময় নিয়মিত টিভি নাটকে অভিনয় করলেও বর্তমানে বড় পর্দা নিয়েই তিনি বেশি ব্যস্ত। অভিনয়ের জন্য দুই বাংলায়ই সমাদর তার। ভারত ও বাংলাদেশে সিনেমা করছেন তিনি সমানতালে। প্রশংসা কুড়াচ্ছেন সবার। সম্প্রতি মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমার জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’-এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। সব মিলিয়ে পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এ গুণী অভিনেত্রী। 

পশ্চিম বাংলায় জয়া আহসান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দশম অবতার’। এটি পরিচালনা করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। অন্যদিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘নকশিকাঁথার জমিন’। এরই মধ্যে সেন্সরের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।