দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল চ্যানেল আই পথচলার ২৬ বছর পার করে এবার পা রাখতে চলেছে ২৭ বছরে। পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে চ্যানেল আই-এর অভিযাত্রা। ২৭ বছরে চ্যানেল আইয়ের স্লোগান— ‘আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭-এ’।

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। এবারের জন্মদিনে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কেক কাটার আয়োজন নেই, তবে পর্দাজুড়ে দিনভর থাকছে বর্ণাঢ্য অনুষ্ঠান।

পথ চলার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রচার হবে আজকের সংবাদ পত্র (বিশেষ পর্ব)। এরপর সকাল সাড়ে ৭টায় ‘গান দিয়ে শুরু’– পরিবেশনায় ফেরদৌস আরা, রফিকুল আলম, আবিদা সুলতানা ও অণিমা রায়। সকাল ৯টায় ‘সংবাদপত্রে বাংলাদেশ’-এর বিশেষ পর্ব, সকাল ১০টায় ‘তৃতীয়মাত্রা’র বিশেষ পর্ব, সকাল ১১টায় ‘আলোছায়ার শ্বেতপত্র’ এবং দুপুর ১২টায় তারকা কথন বিশেষ পর্বে অতিথি মেহজাবীন। দুপুর আড়াইটায় প্রচার হবে চলচ্চিত্র ‘দরদ’।

বিকাল সাড়ে ৫টায় হাশিম মাহমুদের মায়ের জন্য গান, পরিবেশনায় আফসানা মিমি, পরিচালনায় আনন্যা রুমা। কোক স্টুডিওতে হাশিম যে তিনটি গান গেয়েছিলেন— ফুল ফুটেছে গন্ধে, সাদা সাদা কালা কালা, বাজি—সেগুলো পরিবেশিত হবে।

সন্ধ্যা ৬টায় প্রচার হবে ‘সেই টেলিভিশন এই টেলিভিশন’, উপস্থাপনায় আফজাল হোসেন। অতিথি থাকবেন তারিক আনাম খান, মোহসিনুল হাকিম ও ড. জালালউদ্দিন। রাত ৭টা ৫০ মিনিটে সৈয়দ শাকিল পরিচালিত বিশেষ নাটক ‘ফরেস্ট হিলের এক দুপুরে’। রাত ৯টা ৪০ মিনিটে ‘ফার্স্ট টেপ’, যা চ্যানেল আই-এর প্রথম টেপ নিয়ে বিশেষ অনুষ্ঠান। রাত ১০টা ১০ মিনিটে ‘ফিরে দেখা প্রকৃতি ও জীবন’।

জন্মদিনের আগে আজ সন্ধ্যা ৬টায় প্রচার হবে প্রয়াত শিল্পীদের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘যে গান গেয়েছিলেম’। যাদের গান থাকছে- কলিম শরাফী, সন্জীদা খাতুন, সোহরাব হোসেন, শাহনাজ রহমতউল্লাহ, সুবীর নন্দী, শাম্মী আক্তার, ইন্দ্রোমোহন রাজবংশী, আজম খান, ফিরোজা বেগম, ফকির আলমগীর, আবদুল জব্বার, আইয়ুব বাচ্চু, অজিত রায়, এন্ড্রু কিশোর ও ফরিদা পারভীন।

এছাড়াও থাকছে অপু মাহফুজের উপস্থাপনায় ‘তারায় তারায় তারকা কথন’, পরিচালনায় আমিনুল ইসলাম রাজু। চ্যানেল আই-এর আর্কাইভ থেকে তারকা কথনের বিশেষ অংশ নিয়ে সাজানো হয়েছে। অতিথি থাকবেন খায়রুল আলম সবুজ, বিদ্যা সিনহা মিম, ইমরান মাহমুদুল ও কর্ণিয়া।