ভক্তদের জন্য সুখবর! আসছে কোরবানির ঈদে আবারো বড় পর্দায় দেখা যাবে শাকিব খানকে। তবে এবার তিনি সৈনিক নন—‘রকস্টার’। সংগীত আর ভালোবাসার মিশেলে তৈরি হচ্ছে এ নতুন গল্পের সিনেমা।

‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। এ সিনেমার কাজের মধ্যেই জানা গেল, ঈদুল আজহার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এবার শাকিব পর্দায় আসবেন তার প্রিয় ঘরানায়, রোম্যান্টিক গল্পে। আসছে কোরবানির ঈদে তাকে একজন রকস্টারের চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে উঠে আসবে এক সংগীত তারকার জীবনের উত্থান–পতন, সাফল্য আর ভালোবাসার অন্য রকম এক অধ্যায়।

এ সিনেমার পরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন আজমান রুশো, যিনি এতোদিন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন। এটি হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

তবে শাকিবের নায়িকা কে হচ্ছেন তা এখনো ঠিক হয়নি। জানা গেছে, সিনেমায় থাকবেন কয়েকজন নতুন মুখ। ‘প্রিন্স’-এর শুটিং শেষ করে শিগগিরই নতুন এ সিনেমার কাজ শুরু করবেন শাকিব। গল্প চূড়ান্ত হলেও নাম ঠিক হয়নি এখনো।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল আজহায়।