সাংবাদিকতা, সত্য অনুসন্ধান ও পারিবারিক টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত এ সিরিজে ‘দোলন’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন।
সিরিজটি এবং নিজের চরিত্র নিয়ে সারিকা জানান, ‘হেডলাইন’ সিরিজে সত্য খুঁজে বের করার পথে একজন সাংবাদিকের বিভিন্ন চ্যালেঞ্জের পাশাপাশি একটি সুন্দর পারিবারিক গল্পও দেখানো হয়েছে। পরিবারের সম্পর্ক, ব্যক্তিগত টানাপড়েন, আবেগ ও দ্বন্দ্বের বিষয়গুলো এখানে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। দর্শক প্রতিটি পর্বে নতুন রহস্য ও আগ্রহ খুঁজে পাবে বলে তার বিশ্বাস।
সিরিজে নিজের চরিত্রটি প্রসঙ্গে সারিকা বলেন, ‘দোলন একজন আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নারী। সে একজন সাংবাদিকের স্ত্রী, যে ঘটনাচক্রে একটি বড় রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ে। দোলনের সবচেয়ে ভালো দিক হলো, সে সহজে ভেঙে পড়ে না। নিজের বিশ্বাস ও মূল্যবোধের জায়গা থেকে সিদ্ধান্ত নেয়। জীবনের নানা সংকটের মধ্যেও কীভাবে শক্ত থেকে সামনে এগিয়ে যেতে হয়, দোলন সেই গল্পই বলে। তাই আমার মনে হয়, দোলন এ সময়ের নারীদের প্রতিনিধি। তার মধ্যে নিজেকেই খুঁজে পাবেন নারীরা।’
সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সক্রিয় না থাকায় ফেসবুকে দর্শকের প্রতিক্রিয়া দেখার সুযোগ হয় না সারিকার। তবে মুক্তির পর থেকেই সহকর্মী, বন্ধু ও পরিচিতদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন তিনি। অনেকেই ফোন করে গল্প, নির্মাণ ও চরিত্র নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। একজন শিল্পী হিসেবে দর্শকের এ ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।










