ভারতের লাদাখে যাত্রা করেছে বিশ্বের উচ্চতম মোবাইল ডিজিটাল সিনেমা হল। ২৪ আগস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৫৬২ ফুট উচ্চতায় লাদাখের লেহর পলডন এলাকায় সিনেমা হলটির পথচলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুরখ্যাত বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। এছাড়া ছিলেন লাদাখ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থুপস্টান চেওয়াং। বিশ্বের উচ্চতম এ সিনেমা হলে চাংপা নোমাডসের শর্ট ফিল্ম শিকল প্রথম শো-তে প্রদর্শিত হয়। একই দিন সন্ধ্যায় দেখানো হয় অক্ষয় কুমারের বেল বটম।

লাদাখে প্রেক্ষাগৃহ উদ্বোধনে বেশ খুশি সেখানকার শিল্পীরা। ন্যাশনাল স্কুল অব ড্রামার সঙ্গে যুক্ত মেফাম ওটসাল বলেছেন, ‘প্রেক্ষাগৃহে প্রবেশের খরচ খুবই সামান্য। সুযোগ-সুবিধাও রয়েছে যথেষ্ট। বসার ব্যবস্থাও আরামদায়ক। একজন থিয়েটার শিল্পী হিসেবে লাদাখে প্রেক্ষাগৃহ খোলার উদ্যোগকে স্বাগত জানাই। এটা খুবই ভালো উদ্যোগ।’

লাদাখের ভূ-প্রকৃতিতে স্থায়ী প্রেক্ষাগৃহ তৈরি করে সিনেমা দেখাটা বেশ কঠিন বলেই মনে করেন উদ্যোক্তারা। তা সত্ত্বেও শুধু দুর্গম এলাকার মানুষদের বিনোদনের কথা মাথায় রেখে এমন বন্দোবস্ত করা হয়েছে। প্রতি বছর সারা বিশ্ব থেকে বহু মানুষ ভিড় জমায় লাদাখে। নতুন এ প্রেক্ষাগৃহ পর্যটকদের আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের উচ্চতম সিনেমা হলে বসে ছবি দেখার সুযোগ কে-ইবা ছাড়তে চাইবে!

 

সূত্র: এনডিটিভি