ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আধা ডজনের বেশি সিনেমার মধ্যে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। প্রথম দিনে টিকিট বাবদ সিনেমাটি থেকে ই-টিকিটভুক্ত প্রেক্ষাগৃহে আয় করেছে প্রায় ৩০ লাখ টাকা।

বাংলা সিনেমার মেটা ডাটাভিত্তিক ফেসবুক পেজ বিএমআরের তথ্য মতে, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাসহ অন্যান্য ই-টিকিটভুক্ত প্রেক্ষাগৃহে আয় করেছে ২৯ লাখ ৪১ হাজার টাকা। এটি চলতি বছরের দ্বিতীয় সেরা কালেকশন। এর আগে গত রোজার ঈদে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ প্রথম দিনে আয় করেছিল ৩০ লাখ ৩৯ হাজার টাকা।

তবে এ ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে ‘রকস্টার’ সর্বোচ্চ আয় করবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

‘রকস্টার’ পরিচালনা করেছেন আজমান রুশো। মিউজিক্যাল রোমান্টিক ধাঁচের সিনেমাটি মুক্তির আগেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে শাকিব খানের একাধিক নতুন লুক, চমৎকার গেটআপ এবং চোখ ধাঁধানো অ্যানিমেশন টিজার দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে।

মালয়েশিয়ার পাশাপাশি দেশের রিসোর্ট ও লোকেশনে দৃশ্যায়িত ‘রকস্টার’-এ শাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন সাবিলা নূর এবং আরেকটি বিশেষ চরিত্রে আছেন তানজিয়া জামান মিথিলা। ঈদের বড় ধামাকা হিসেবে সিনেমাটি শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।