দেশ ও দেশের বাইরে প্রতিনিয়তি জনপ্রিয়তা বাড়ছে ওটিটি প্লাটফর্মের। আমাদের দেশেও একাধিক ওটিটি প্লাটফর্ম রয়েছে। এবারে দেশে যুক্ত হতে যাচ্ছে কাজী মিডিয়া লিমিটেডের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’। সাত বছর আগে যাত্রা শুরু করেছিল কাজী মিডিয়া লিমিটেডের দীপ্ত টিভি। এবারে তারা ওটিটি নিয়ে আসছে।

এক সংবাদ বিতপ্তিতে জানানো হয়, দীপ্ত প্লে মূলত বিনোদন অনুষ্ঠানভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম। পরিবারের সবার জন্য, সব বয়সী দর্শকের জন্য বিভিন্ন কন্টেন্ট থাকবে এতে। নতুন সিনেমা আর সিরিজের মাধ্যমে নতুন ধরনের সব গল্প থাকছে দীপ্ত প্লে অরিজিনালসে। দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম ও সিরিজ ছাড়াও এই প্ল্যাটফর্মে থাকবে দীপ্ত টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান। দীর্ঘ ধারাবাহিক থেকে শুরু করে বিভিন্ন ডাবিং সিরিয়াল দর্শক দেখতে পারবেন এতে। সাবক্রিপশনের মাধ্যমে এ অনুষ্ঠানগুলো টেলিভিশনের আগেই উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা। 

নতুন ওটিটি নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেন কাজী মিডিয়া লিমিটেডের হেড অব ডিজিটাল মো. আবু নাসিম। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে, আমরা এ মাসেই আমাদের ওটিটি প্লাটফর্মটি নিয়ে আসব। তবে কবে এ বিষয়ে এখনই বলতে চাচ্ছি না, কারণ কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে। ওটিটির ওয়ার্কিং টাইটেল দীপ্ত ওটিটি, তবে এর নাম পরিবর্তন হবে। আমরা এটা নিয়ে কাজ করছি। কনটেন্ট নির্মাণকাজ চলছে। বাংলাদেশে এখন তো অনেক ওটিটি চলে এসেছে, যারা কেবল কনটেন্ট নিয়ে কাজ করে। আমরা টেলিভিশন নতুন করে তৈরি করার চেষ্টা করছি ওটিটির মাধ্যমে। কাজী মিডিয়ার টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি, তাই দীপ্ত টিভির কনটেন্টগুলো থাকবে এ ওটিটিতে। এগুলো দর্শক ফ্রি দেখতে পারবেন।’

জানা গিয়েছে, আগামী সোমবার দীপ্ত প্লের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। গুগল প্লে থেকে অ্যাপ ডাউনলোড করে মোবাইল ফোন বা স্মার্ট টিভিতে দেখা যাবে দীপ্ত প্লে। দেশ ও দেশের বাইরের দর্শক উপভোগ করতে পারবেন দীপ্ত প্লের আয়োজনগুলো।