ডোয়াইন জনসন মানেই বক্স অফিসে কাড়ি কাড়ি টাকা। আর ছবিটি যদি সুপারহিরো ঘরানার হয়, তবে তো পোয়াবারো। শুক্রবার মুক্তি পাওয়া ‘ব্ল্যাক অ্যাডাম’ সে পথেই যাচ্ছে। খবর ভ্যারাইটি।

কমিকস বুক সিনেমাটি প্রথম দিনে উত্তর আমেরিকার স্থানীয় বাজারে ২ কোটি ৬৮ লাখ ডলার আয় করেছে। এর আগেরদিন প্রিভিউ আয় ছিল ৭৬ লাখ ডলার। ধারণা করা হচ্ছে, আজ রোববারসহ ওপেনিং আয় গড়াবে ৬ কোটি ৪০ লাখ ডলারে।

এ ছাড়া বিশ্ব বাজারেও ভালো করছে এই ডিসি হিরো। এর মধ্যে বৃহস্পতিবার প্রথমদিনেই ভারতে আয় করেছে ৭ কোটি রুপি। নন-হলিডে রিলিজ হিসেবে এই আয় সাম্প্রতিক অনেক বলিউড সিনেমার চেয়ে বেশি।

আরো ধারণা করা হচ্ছে, ‘ব্ল্যাক অ্যাডাম’ হতে যাচ্ছে ডোয়াইন জনসনের সবচেয়ে বড় ওপেনিং। অবশ্য এর আগে তারকাবহুল আরেক ছবি ‘হবস অ্যান্ড শ’ স্থানীয় বাজারে ৬ কোটি ডলারে ওপেনিং করেছিল।

প্রায় ২০ কোটি ডলার বাজেট রয়েছে ‘ব্ল্যাক অ্যাডাম’-এর ঘাড়ে। এই বাজেট তুলে সফল হতে বেশিদিন লাগবে না।

হলিউডের এ সপ্তাহটি বেশ তারকাখচিত। শুক্রবার আরো মুক্তি পেয়েছে জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনির রোমান্টিক কমেডি ‘টিকিট টু প্যারাডাইজ’। এ ছবি প্রত্যাশার চেয়ে ভালো করেছে, প্রথম দিনে আয় করেছে ৬৪ লাখ ডলার। আর তিন দিন শেষে দাঁড়াবে এক কোটি ৬০ লাখ ডলারে।