দিনক্ষণ নির্দিষ্ট না হলেও চলতি বছরের প্রথমভাগেই মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমাটি। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এ নির্মাতা। এর মাঝেই নতুন পরিকল্পনার খবর দিলেন তিনি। বর্তমানে অনেক নির্মাতা ওটিটি প্লাটফর্মে কাজ করলেও ‘‌মনপুরা’খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম এখনো সেখানে অনুপস্থিত। তবে তিনি দুটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এবার ওটিটি প্লাটফর্মের জন্য স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিরিজটির নাম ‘গাঁইয়া’। 

ওয়েব ফিল্মটিতে নায়িকা হিসেবে দেখা মিলবে প্রার্থনা ফারদিন দীঘির। ওটিটি প্লাটফর্ম বঙ্গর নতুন আয়োজন ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ সিরিজ। এতে প্রেমের গল্প নিয়ে বেশ কয়েকটি শর্টফিল্ম নির্মাণ করছেন গুণী নির্মাতারা। যার একটি নির্মাণ করেন সেলিম। সম্প্রতি বঙ্গর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন দীঘি ও সেলিম। শিগগির শর্টফিল্মটির শুটিং পর্ব শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরই শুটিং শুরুর পরিকল্পনা করছেন তারা। এ প্রসঙ্গে জানতে চাইলে গিয়াস উদ্দিন সেলিম জানান, ‘‌ভিন্নধারার একটা কাজ হতে যাচ্ছে। আমরা শিগগির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছি।’ 

এ শর্টফিল্মে দীঘির বিপরীতে দেখা যাবে খায়রুল বাসারকে। আর দীঘির বাবার চরিত্রে অভিনয় করবেন দীঘির বাবা সুব্রত। দীর্ঘ সময় পর মেয়ের সঙ্গে দেখা যাবে একসময়ের নিয়মিত অভিনেতা সুব্রতকে। পর্দায় বাবার সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে জানতে চাইলে দীঘি বলেন, ‘এ সিনেমায় বাবা আমার বাবার চরিত্রেই অভিনয় করবেন। দেখা যাক, দর্শকের কতটা প্রত্যাশা পূরণ করতে পারি বাবা-মেয়ে। এটা একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে আমার জন্য। আশা করি দর্শকের ভালো লাগবে।’

অন্যদিকে গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে কাজ করার অনুভূতি জানতে চাইলে দীঘি বলেন, ‘আমি কতটা খুশি, বলে বোঝাতে পারব না। কারণ তিনি আর কেউ নন, গিয়াসউদ্দিন সেলিম স্যার। সেলিম আংকেল আমার খুব প্রিয় একজন নির্মাতা। আমাদের মাঝেমধ্যে দেখা হয়। কিন্তু কখনো কাজ করা হয়ে ওঠেনি। মাসখানেক আগে একদিন দেখা হলে সেলিম আংকেলকে বললাম, আমাকে নিয়ে এবার ভাবেন। আপনার সঙ্গে কাজ করতে চাই। তিনি আমার কথা শুনে হাসলেন। কিছু বললেন না। এ ঘটনার ১৫ দিন পরই ফোন পেলাম বঙ্গ থেকে। তারা জানাল, সেলিম আংকেল একটা প্রজেক্ট করছেন। তিনিই আমার কথা বলেছেন। এরপর আমি বঙ্গর সঙ্গে বসলাম। আর গতকাল তো একসঙ্গে চুক্তিবদ্ধও হলাম। এত দ্রুত সেলিম আংকেলের সঙ্গে কাজ করতে পারব তা ভাবিনি। আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।’ 

গত বছর দীঘি আলোচিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ এ অভিনয় করে দর্শকের নজর কাড়েন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ বায়োপিকে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরী বেলার চরিত্রে অভিনয় করেছিলেন। এবার দেখার পালা জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে কাজ করে কী চমক দেন এ অভিনেত্রী।