সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মাতা বদরুল আনাম সৌদ নির্মাণ করেছেন ‘শ্যামা কাব্য’ নামের সিনেমা। পাঁচ বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন এ নির্মাতা। সিনেমাটি মুক্তি পাবে ২৪ নভেম্বর। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই। এছাড়া সিনেমাটি প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। ‘শ্যামা কাব্য’ সিনেমায় কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কলাকুশলীরা। 

সিনেমাটি নিয়ে সৌদ বলেন, ‘ভালো হোক খারাপ হোক, দর্শক সিনেমা দেখে মন্তব্য করুক। যারা দেখবে, তারা হতাশ হবে না। নতুন ধাঁচের গল্প উঠে আসবে এতে। দর্শকরা এ জনরার গল্প আগে দেখেনি। তাই প্রেক্ষাগৃহে এলে এ ধরনের নতুন গল্প সাফল্য পাবে।’ শ্যামা কাব্য সিনেমা প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘বদরুল আনাম সৌদের প্রতি আমার আস্থা আছে। নির্মাতা হিসেবে তার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। সিনেমাটি দেখার অপেক্ষায় আছি। আশা করছি, দর্শকরাও ভালো একটি সিনেমার পাশে থাকবেন। চলচ্চিত্র শিল্পকে ভালোবাসবেন।’

সিনেমাটির গল্পের বিষয়ে নির্মাতা বদরুল আনাম সৌদ জানান, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা শ্যামা কাব্য। গল্পের শুরু নীতু ও আজাদকে নিয়ে। ডিভোর্সের পর স্ত্রী নীতুকে হারিয়ে মারাত্মক ডিপ্রেশনে আক্রান্ত হয় আজাদ। নিজের ডিপ্রেশন কাটাতে একদল ট্যুরিস্টের সঙ্গে সুন্দরবনে ভ্রমণ করতে যায় সে। কিন্তু সেখানে গিয়ে শ্যামা নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। আজাদের জীবনে নতুন মোড় আসে। প্রাচীন এক অভিশাপের সঙ্গে জড়িয়ে যায় সে।

শ্যামা কাব্য নিয়ে সোহেল মণ্ডল বলেন, ‘‌আমার চরিত্রের নাম আজাদ। সে একজন ফ্যামিলি ম্যান। মানুষটা হতাশায় পড়ে যায় আর সে মুহূর্তে শ্যামার সঙ্গে তার দেখা হয়। এ নিয়ে এগিয়ে যাবে সিনেমাটি। এটা একটা সম্পর্কের গল্প, যেখানে নানা টানাপড়েন আছে। সে টানাপড়েন থেকে নানা সমস্যা তৈরি হয়। যার বড় অংশ আজাদের সাইকোলজিক্যাল সমস্যা। এসব নিয়েই এগিয়ে যাবে সিনেমাটি। আমরা চেষ্টা করেছি ঠিকঠাক মতো সিনেমাটা করার, বাকিটা দর্শক বলবেন। এখন পুরোটাই নির্ভর করছে দর্শকের ওপর। আমরা তাদের প্রতিক্রিয়া শোনার অপেক্ষায় আছি।’

শ্যামা কাব্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে সোহেল মণ্ডল বলেন, ‘‌বদরুল আনাম সৌদের মতো একজন নির্মাতার সঙ্গে কাজ করাটা খুব আনন্দের। উনি একজন অ্যাকটর ডিরেক্টর। আমরা সবাই অনেক আনন্দ নিয়ে সিনেমাটার কাজ করেছি। আর আমার সহশিল্পী হিসেবে যারা ছিলেন তারা দুর্দান্ত। এত ট্যালেন্টেড অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি। কাজটা করতে গিয়ে যতটা আনন্দ পেয়েছি তার সঙ্গে অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সব মিলিয়ে শ্যামা কাব্যের অভিজ্ঞতা দারুণ আমার জন্য। ’

শ্যামা কাব্যে সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ ও সেতু। এ সিনেমায় নিতু চরিত্রে দেখা যাবে জেনিকে, অন্যদিকে ওসমান চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

২০১৭ সালের ২৯ ডিসেম্বর বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ মুক্তি পায়। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ও শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পান সৌদ। পাঁচ বছর পর শ্যামা কাব্যে কী চমক আনছেন এ নির্মাতা, সেটি জানতে অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তির জন্য। এরই মধ্যে শ্যামা কাব্য মুক্তির আগেই আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি সিনেমাটি প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্রসহ মোট চারটি বিভাগে পুরস্কার পেয়েছে। এবার দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর জানা যাবে দর্শক সিনেমাটি কীভাবে গ্রহণ করছেন।