রোহিত শেঠিকে নিয়ে বলিউড সরগরম। তার বাড়ি লক্ষ্য করে গুলি চলেছে। সালমান খানের বাড়ির মতোই ঘটনাটি ঘটেছে। চলছে এর তদন্ত। ধারণা করা হচ্ছে, লরেন্স বিষ্ণোই গ্যাং আছে এর নেপথ্যে। এর মধ্যেই জানা গেল, রোহিত শেঠির নতুন সিনেমা আসছে। গোলমাল সিরিজ নিয়েই ফিরছেন তিনি। আর এবার তার সিনেমা অর্থাৎ, গোলমাল ফাইভের খল চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার।

ভ্যারাইটি ইন্ডিয়া-র একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গোলমাল ফাইভে অক্ষয় কুমারকে দেখা যাবে প্রধান প্রতিপক্ষ হিসেবে। সিনেমাটি নাকি আগের কিস্তিগুলোর তুলনায় আরো বড় পরিসরে তৈরি হবে এবং কমেডির পাগলামিও হবে অনেক বেশি বোল্ড। তবু গোলমাল সিরিজের যে স্বতন্ত্র হাস্যরস—যার শুরু ২০০৬ সালে—তা অক্ষুণ্ণ রাখার দিকেও বিশেষ নজর রাখছেন নির্মাতারা।

এই নতুন অধ্যায়ে গল্পে যুক্ত হতে চলেছে ফ্যান্টাসির ছোঁয়া, যা গোলমাল-এর পরিচিত প্র্যাঙ্কনির্ভর পরিস্থিতিগত কমেডি থেকে খানিকটা আলাদা। তবে পরিচিত মুখগুলো থাকছেন বলেই ভরসা পাচ্ছেন দর্শকরা। আরশাদ ওয়ার্সি, তুষার কাপুর, কুনাল খেমু এবং শ্রেয়াস তালপারে ফিরছেন তাদের চেনা চরিত্রে। পাশাপাশি সিনেমায় থাকবেন জনি লিভার, সঞ্জয় মিশ্র, মুকেশ তিওয়ারি এবং অশ্বিনী কালসেকর। শারমান যোশির প্রত্যাবর্তনের সম্ভাবনাও রয়েছে। কারিনা কাপুর খানের উপস্থিতি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

অক্ষয় কুমারের যুক্ত হওয়া নিঃসন্দেহে সিনেমাটির ওজন অনেকটাই বাড়িয়ে দিল। হেরা ফেরি, হাউসফুল কিংবা ওয়েলকাম-এর মতো সফল কমেডি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তবে গোলমাল ৫-এ তাকে দেখা যাবে একেবারে ভিন্ন রূপে—নেতিবাচক চরিত্রে। সম্প্রতি প্রিয়দর্শনের আসন্ন সিনেমা হেয়ওয়ান-এও খলনায়কের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। যদিও দু’টি সিনেমাতেই তিনি নেগেটিভ স্পেসে থাকছেন, তবু চরিত্রের ধরন ও মানসিক গঠন একে অপরের থেকে আলাদা হবে বলেই জানা যাচ্ছে।

সব পরিকল্পনা ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে গোলমাল ৫-এর শুটিং শুরু হবে। নির্মাতারা ২০২৭ সালের শুরুর দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার লক্ষ্য রাখছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে