অমিতাভ বচ্চন যেদিন করোনাভাইরাসে আক্রান্ত হন, তার আগের দিন অভিনেত্রী রেখার নিরাপত্তা রক্ষীও কভিড আক্রান্ত হয়েছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রেখা কিছুতেই কভিড টেস্ট করাতে চাইছেন না। বিখ্যাত এই বলিউড অভিনেত্রীকে নিয়ে এখন বিপাকে পড়েছে মুম্বাই পৌরসভা। অবশেষে মুখ খুলতে হয়েছে মুম্বাইয়ের মেয়রকে। টেস্ট না করানোর ব্যাপারে মেয়র কিশোরী পেড়নেকর রেখাকে অনুরোধ জানিয়ে বলেছেন, ‘আপনি অনুগ্রহ করে সোয়াব টেস্ট করান।’

অভিনেত্রী রেখার বান্দ্রার ‘সি স্প্রিংস’ বাংলোর নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত হওয়ার পর গত রোববার পুরো এলাকা সিল করে দিয়েছে মুম্বাই পৌরসভা। এর দুইদিন পর রেখার বাড়ির আরো দুই পরিচারকের শরীরে পাওয়া যায় করোনাভাইরাস। সব মিলিয়ে বর্তমানে রেখার বাংলোর মোট চারজন কর্মী করোনা আক্রান্ত। এমন পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই রেখার করোনা পরীক্ষা করানোর কথা। কিন্তু কিছুতেই করোনা পরীক্ষা করাতে চাইছেন না, উল্টো বলছেন, ‘আমার শারীরিক কোনো সমস্যা হচ্ছে না এবং অন্য কারো সংস্পর্শে আসিনি। তাই করোনা পরীক্ষা করাতে চাইছি না।’

এমন পরিস্থিতিতে রেখাকে করোনা পরীক্ষা করাতে রাজি করানোর জন্য মুখ খুলেছেন মুম্বাইয়ের মেয়র। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে মুম্বাইয়ের মেয়র কিশোরী পেড়নেকর বলেছেন, ‘কোনো রকম উপসর্গ থাক বা না-থাক তার (রেখার) উচিত শিগগিরই সোয়াব টেস্ট করানো। তার বয়সের বিষয়টা মাথায় রাখা উচিত। কিছুতেই অবহেলা করা উচিত নয়। আমরা চাই, অন্তত প্রিয়জন, ভক্তদের কথা ভেবেই টেস্ট করান উনি।’

উল্লেখ্য, গত সপ্তাহে চার কর্মী করোনা পজিটিভ হলেও রেখা মুম্বাই পৌরকর্মীদের তার বাংলোয় ঢুকতেই দেননি স্যানিটাইজেশনের জন্য। ঘটনায় হতবাক হয়েছেন অনেকে। দুই দশক ধরেই অভিনেত্রী রেখা ব্যক্তিগত জীবনকে কিছুটা আড়ালে রেখে এসেছেন। কিন্তু তাই বলে তিনি করোনা টেস্ট করাতে চাইবেন না এটা তার চরম ভক্তকেও বিব্রত করেছে!

রেখার এলাকাতেই আমির খানের বাড়ি। তার বাড়ির কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর আমির নিজেসহ পুরো পরিবারের সবার করোনা পরীক্ষা করান।

 

সূত্র: ডিএনএ