এ অভিনেতার সঙ্গে নতুন আরো তিনটি সিনেমার চুক্তি চূড়ান্ত করেছে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। পাশাপাশি আরো একটি সিনেমা নিয়ে কথাবার্তা চলছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল।

আগের সিনেমাগুলোয় নিশোকে মূলত দুঃখী ও স্ট্রাগলিং চরিত্রে দেখা গেলেও এবার ভক্তদের সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, দর্শক পর্দায় নিশোকে যেভাবে দেখতে চান, নতুন তিনটি সিনেমার প্রতিটিতেই তাকে ঠিক সে চিরচেনা গ্ল্যামারাস ‘নায়ক’ অবতারে হাজির করা হবে। সিনেমাগুলোর একটিতে তার বিপরীতে মেহজাবীন চৌধুরীর জুটি বাঁধার জোরালো সম্ভাবনা রয়েছে। এছাড়া নির্মাতা ভিকি জাহেদ ও জাহিদ প্রীতমের সঙ্গেও বড় প্রজেক্টের কাজ এগিয়ে চলেছে।

তবে সবচেয়ে বড় চমকটি এসেছে নির্মাতা রায়হান রাফীর হাত ধরে। দর্শকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ‘সুড়ঙ্গ ২’ সিনেমার। শুক্রবার বিকালে সিনেমাটির দেড় মিনিটের একটি দুর্ধর্ষ টিজার প্রকাশ করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ঝড় তুলেছে।

টিজারে নিশোকে একেবারে ভিন্ন ও পুরোদস্তুর অ্যাকশন লুকে দেখা গেছে। অন্ধকার সুড়ঙ্গের দিকে যেতে যেতে মাসুদ রূপী নিশোকে বলতে শোনা যায়, ‘এ দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই।’ এর পরই তাকে বিধ্বংসী রূপে শত্রুদের মোকাবেলা করতে দেখা যায়। টিজারে তার হাতে ময়না নামের একটি ট্যাটুও দর্শকের নজর কেড়েছে। প্রথম কিস্তিতে নিশোর বিপরীতে ময়না চরিত্রে অভিনয় করেছিলেন তমা মির্জা।

সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সুড়ঙ্গ ২। আর এমন হলে কোনো ঈদের উৎসব ছাড়াই এটিই হবে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নিশোর প্রথম সিনেমা। নতুন তিন সিনেমার চুক্তি এবং ডিসেম্বরে সুড়ঙ্গ ২-এর হাত ধরে চলতি বছরে বড় পর্দায় আফরান নিশোর এক রাজকীয় প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে।