আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমএ লতিফকে সেনাবাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ী এলাকার এক বাসা থেকে উদ্ধার করে তাকে হেফাজতে নেয়া হয়েছে। এমএ লতিফ চট্টগ্রাম-১১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর এমএ লতিফ কয়েক দিন ধরে মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। গতকাল দুপুরে তিনি মসজিদে জুমার নামাজ পড়ে আসার পথে স্থানীয় বিএনপি নেতারা হট্টগোল শুরু করলে তিনি দ্রুত আত্মীয়ের বাসায় ফিরে যান। এ সময় বাড়িতে লোকজন ইটপাটকেল ছুড়তে থাকলে সেনাবাহিনীকে খবর দেয়া হয়। পরে সেনাবাহিনীর একটি টিম এসে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। 

চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতিও ছিলেন এমএ লতিফ। বর্তমানে ব্যবসায়ী সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন এমএ লতিফের ছেলে ওমর হাজ্জাজ।