বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে আওয়ামী লীগ যে এত বছর অত্যাচার-নির্যাতন করেছে তার বিচারের জন্য আওয়াজ তুলুন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ না তোলেন, আমরা প্রয়োজনে আবার রাস্তায় নামব।
তিনি বলেন, মনে রাখবেন গর্দান ও তলোয়ার দুটো একসঙ্গে থাকতে পারে না। আর এক খাপে কখনো দুই তলোয়ার থাকতে পারে না।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদরাসা ও কওমি মাদরাসার আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার ইসলামীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকার।
সভাটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. আল আমিন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে, আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি। আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন-নিপীড়ন অত্যাচারের মধ্য দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে-সেখানে পালিয়ে বেড়িয়েছেন। আপনারা কিভাবে এত সহজে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন-নিপীড়ন ভুলে গেলেন? মনে রাখবেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করেছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদেরকেই হত্যা করেছে। সুতরাং আপনারা যারা মনে করছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করলে আওয়ামী লীগ আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে সেটা ভুল ভাবছেন।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে আপনার অবস্থান উল্লেখ করে হাসনাত বলেন, আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাব। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সবার অংশগ্রহণ থাকবে, যেখানে কোনো বিভাজন থাকবে না, যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব।










