বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বিগত সরকারের সময় দেশে অপরিকল্পিত বিনিয়োগ হয়েছে, যা দেশের শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। এজন্য কৃষিতে ভর্তুকি দিতে হচ্ছে। ৭০-৮০ টাকায় সার কিনে ১৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে স্বজনতোষী পুঁজিবাদ বা ক্রনি ক্যাপিটালিজমের কারণে অর্থনীতির বৈচিত্র্য নষ্ট হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত সরকারের রাজনীতিবিদ, আমলা, বিচারক এবং বিভিন্ন বাহিনী দুর্নীতির জোট তৈরি করেছিল। রাষ্ট্রপতির ক্ষমায় বহু হত্যা মামলার আসামি মুক্তি পেয়েছেন, যা নজিরবিহীন। শ্বেতপত্র অনুযায়ী, ২৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এ অর্থ পাচারের জন্য কোম্পানির সিএ এবং সিএফওরাও দায়ী।

তিনি বলেন, দেশের শিল্প খাত উচ্চ শুল্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে। শিল্প খাতের ব্যবসায়ীরা কর দেন না, তবে ভ্যাট দেন। দরিদ্র অর্থনীতির দেশে ভ্যাট ও ট্যাক্সের মধ্যে সংযোগ থাকা উচিত। অবৈধ আর্থিক প্রবাহ, অলিগার্কদের উত্থান, সম্পদের কেন্দ্রীকরণ, দুর্বল অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান এবং ব্যাপক দুর্নীতি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত ৫ আগস্টের আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন, ৫০ হাজার মানুষ অসুস্থ হয়েছেন। কিন্তু আমরা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি। আমাদের সন্তানদের জন্য একটি উন্নত দেশ গড়তে হবে। দক্ষতার মূল্যায়ন ছাড়া একই গতানুগতিক চর্চা গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী ও আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ।