বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু ও ধর্মীয় স্থাপনায় হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এ উদ্বেগ জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, শান্তির আহ্বান পুনর্ব্যক্ত করছে ঢাকার মার্কিন দূতাবাস। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় স্থাপনার ওপর হামলার খবরে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের জনগণের বন্ধু ও অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন অব্যাহত রাখবে।

এক্স হ্যান্ডেলে নিজেদের পোস্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড-এর অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ারের একটি পোস্টও দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

পোস্টে সামান্থা পাওয়ার বলেন, বাংলাদেশে সব দলের গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের ইচ্ছাকে সমুন্নত রাখা জরুরি। বাংলাদেশে শান্তি পুনরুদ্ধার এবং মানবাধিকার রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।