পর্যটন নগরী কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ওয়ালটন বিচ ফুটবল টুর্নামেন্ট। আজ সকালে সৈকতের সি-গাল পয়েন্টে এ টুর্নামেন্ট উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিচ ফুটবলের এ আসরে অংশ নিচ্ছে আটটি দল। দলগুলো হলো—ফুটবল ক্লাব মহেশখালী, আবাহনী ক্রীড়া চক্র, কোর্টবাজার খেলোয়াড় সমিতি, ন্যাশনাল কক্স ক্রীড়াসংঘ, বাঁশকাটা খেলোয়াড় সমিতি, ইয়ংমেন্স ক্লাব, মালুমঘাট ক্রীড়া সংস্থা ও শতদল ক্লাব।

গতকাল জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ ইকবাল। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ. এম. ইকবাল বিন আনোয়ার ডন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, আফসার উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য এম.আর মাহবুব, আলী রেজা তসলিম, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিল্কী ও জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান। খেলায় চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি, সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতার পুরস্কার দেয়া হবে।