স্টেম শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আইপিই ক্লাবের আয়োজনে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারটি আয়োজন করে রুয়েটের আইপিই ক্লাব। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষামূলক প্লাটফর্ম টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় রুয়েটের প্রধান অডিটোরিয়ামে সেমিনারটি শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। এতে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করে যুক্ত হন। একই দিনে উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিজনেস কেইস প্রতিযোগিতা ‘ক্র্যাকারজ্যাক ২.০’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সেমিনারে এটুআই-এর হেড প্রজেক্ট ম্যানেজার আবদুল্লাহ আল ফাহিম বলেন, ‘স্টেম খাতে নারীদের অংশগ্রহণ আশানুরূপ নয়। রিপোর্ট অনুযায়ী, দেশে মাত্র ১২ শতাংশ নারী ইঞ্জিনিয়ারিং খাতে যুক্ত আছেন। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ১০০ শতাংশ ইনোভেশন হাব তৈরির মাধ্যমে এ পরিস্থিতি বদলাতে হবে। জনগণ ও সরকারের মধ্যে সমন্বয় বাড়াতে ই-পার্টিসিপেশন প্লাটফর্ম তৈরি করা হয়েছে, যা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামতকে অন্তর্ভুক্ত করবে।’

এ সময় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বেশিরভাগ মানুষ নিজের সমস্যার মূল কারণ বুঝতে পারে না। তারা উপসর্গগুলোকে সমস্যা হিসেবে ধরে নেয়। যেমন, সিজিপিএ কম হওয়া বা প্রেজেন্টেশন ভালো না হওয়া। অথচ মূল বিষয় হলো সমস্যার গভীরে গিয়ে তা চিহ্নিত করা। প্রেজেন্টেশন দক্ষতা বাড়ানোর জন্য নিজের ভয়েস বা ভিডিও রেকর্ড করে তা বিশ্লেষণ করা যেতে পারে।’

অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন আইসিটি উপদেষ্টার পলিসি উপদেষ্টা ও বিশিষ্ট লেখক ফয়েজ আহমদ তাইয়েব, এইচ অ্যান্ড এম-এর শারমিন আখতার দিবা, লিন্ডে বাংলাদেশ থেকে উম্মে আফতাহাউনে মোহনা, এস্পায়ার টু ইনোভেটের মো. আফজাল হোসেন সরোয়ার এবং লাইটক্যাসল পার্টনার্স থেকে বিজন ইসলাম। দিনব্যাপী এ সেমিনারে শিক্ষার্থীরা নতুন নতুন দক্ষতা ও সমস্যার সমাধান পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করেন। এ সেমিনারের মিডিয়া পার্টনার ছিল বণিক বার্তা।