চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ জানুয়ারি অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত। আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, চার দিনব্যাপী চলমান মামলার বাদী ও রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হয়েছে। দুপুরে বিচারক মামলার রায়ের তারিখ ৩১ জানুয়ারি ধার্য্য করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে আসামি বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত তার অসমাপ্ত যুক্তিতর্ক শুরু করেন। এসময় তিনি ওসি প্রদীপকে সিনহা হত্যায় নির্দোষ দাবি করে তার খালাস প্রার্থনা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত ছাড়াও এই মামলার ১৫ জন আসামির পক্ষে তাদের আইনজীবীরা বুধবার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে রাষ্ট্র এবং বাদীপক্ষের আইনজীবীরা আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি খণ্ডন করেন। দুপুর ১টা পর্যন্ত এ যুক্তিতর্ক চলে।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে মামলার আসামি ওসি প্রদীপসহ ১৫ জনকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের তথ্য অনুযায়ী, এ মামলায় গত ৭ ডিসেম্বর থেকে আট দফায় ৮৩ জনের মধ্যে ৬৫ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। পরে কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করেন আদালত।
২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। পরে ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র্যা ব। পরে ওই বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র্যা ব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।
সিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি
চলতি মাসের শেষ দিন (৩১ জানুয়ারি) অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত। আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।










