দেশে উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের
সুযোগ না পায়, তা নিশ্চিত করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান
জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। রাজপথে অবস্থান নেয়া
ছাত্র-জনতার উদ্দেশে তাদের
রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে একটি
বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের সমন্বয়করা। সেখানে বক্তব্যে অভীষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ছাত্র-জনতাকে
শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম।
লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে
নাহিদ বলেন, আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদেরই রক্ষা করতে হবে। এই সুযোগে কেউ যেন লুটপাটের
সুযোগ না পায়।
নাহিদ ইসলাম তাঁদের আন্দোলনের লক্ষ্য হিসেবে
অন্যান্য বিষয়ের সঙ্গে নিপীড়নমূলক যে সব ব্যবস্থা রয়েছে, সেগুলোর সংশোধনের কথা বলেছেন।
তিনি বলেন, ছাত্র, শিক্ষক ও সুশীল সমাজসহ অন্যান্যদের অংশগ্রহণে
একটি অন্তর্বর্তীকালীন সরকার চান তারা। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে
জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।
অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে, তার রূপরেখা আজ রাত ৮টায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সমন্বয়করা।










