বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারেক রহমানকেও অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। আমাদের নেতাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। বঙ্গভবনে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সেটা আমরা সফল হব।’

এর আগে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল ঢাকা সেনানিবাসে বিভিন্ন দলের নেতা ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অংশ নেন। বৈঠক থেকে বের হয়ে এসে তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সেনাপ্রধানের সঙ্গে সুন্দর বৈঠক হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।