সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা।
আজ শুক্রবার (৯ আগস্ট) সকাল ৯টা ৫৩ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে তিনি কিছু সময় দাঁড়িয়ে নিরবতা পালন করেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।
প্রধান উপদেষ্টার পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা।
পুষ্পস্তবক অর্পণকালীন তিন বাহিনী প্রধানগণসহ অন্যান্য সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল সশস্ত্র সালাম প্রদান করেন।
পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।










