কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার পিকআপ ভ্যানচাপায় চার সহদোর নিহত হয়েছেন। আহত হয়েছে অপর চার ভাই-বোন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার ডুলাহাজরা মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)। আহতরা হলেন- প্লাবন শীল (২২), রক্তীম শর্মা (৩৩), স্বরণ শীল (২৪), বোন হীরা শীল (৩২) ও মুন্নী (৩০)। তারা সকলেই মৃত সুরেশ চন্দ্র সুশীলের সন্তান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়েত হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের সাত ছেলে ও দুই মেয়েসহ পরিবারের ৯ সদস্য পারিবারিক পূজা দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপভ্যানের ধাক্কায় তারা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চার ভাইকে মৃত ঘোষণা করেন। পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এ বিষয়ে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, নিহতদের সৎকারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে।