জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকরা।

গতকাল বিকাল ৫টা থেকে তারা সেখানে অবস্থান নেন।

গতকাল রাত ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পাতা থেকে একটি পোস্টে জানানো হয়, ‘চারপাশে শত শত পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দিয়ে আমাদের ঘিরে রাখা হয়েছে। লাঠিসোঁটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। আমাদেরও শেষ কথা—শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা অবধি আমাদের মেরে ফেলা হলেও আমরা একচুলও আমাদের অবস্থান থেকে সরব না।’৷

এদিকে ঘটনাস্থল থেকে রমনা থানার এসআই মাজেদ আলী বিবিসিকে বলেন, ‘আন্দোলনকারীদের সংখ্যা আনুমানিক ২০-৩০ জন। তাদের যমুনার সামনে থেকে সরানোর জন্য আমরা কথা বলছি। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। মাঝে মাঝে স্লোগান দিচ্ছে।’