গতকাল দিনের বিভিন্ন সময়ে মুন্সিগঞ্জ, সিলেট ও বরিশালে পৃথক দুর্ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য বিস্তারিত—

মুন্সিগঞ্জ: শহরের দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মুন্সিগঞ্জ পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে সোপান ও ঢাকার মিরপুরের রিপন মিয়ার ছেলে আজওয়াদ। দুজনই বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ১৩ বন্ধুকে সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে বেড়াতে আসেন সোপান। বিকালে সোপান ও আজওয়াদ বাড়ির পুকুরে গোসল করতে নামেন। সাঁতার না জানা আজওয়াদ পানিতে তলিয়ে যেতে লাগলে সোপান তাকে বাঁচাতে যান। একপর্যায়ে দুজনই পুকুরের গভীর পানিতে নিখোঁজ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ ইউসুফ আলী সরকার তাদের মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিলেট: খালের পানিতে ডুবে সিলেটের জৈন্তাপুর উপজেলায় একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো সালেহ আহমদের ছেলে মুন্না (৭) ও কবির আহমদের মেয়ে রাফা (৬)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। পারিবারিক সূত্র জানায়, বাড়ির পাশে খালের ধারে খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। পরে উদ্ধার করে সিলেট নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বরিশাল: জেলার বাবুগঞ্জ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে লাবিব নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উজিরপুর উপজেলার মনির শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সবার অজান্তে পুকুরঘাটে গিয়ে সে পানিতে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।