যুক্তরাষ্ট্রে হট-রোল্ড ইস্পাতের দাম বেড়ে টনপ্রতি ১ হাজার ৪০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ২০২২ সালের মে মাসের পর দেশটিতে ইস্পাতের দাম এখন সর্বোচ্চে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি করা ইস্পাতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কারণে কমে গেছে বিদেশি সরবরাহ। এতে দেশীয় উৎপাদকদের বাজার নিয়ন্ত্রণ ও দরকষাকষির সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
যুক্তরাষ্ট্রে নির্মাণ ও বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয় এ হট-রোল্ড ইস্পাত। আমদানিতে শুল্ক বাড়ানোর ফলে বাজারে বিদেশি ইস্পাতের সঙ্গে প্রতিযোগিতা কমেছে। এতে দেশটির স্থানীয় উৎপাদকরা তুলনামূলক বেশি দামে ইস্পাত বিক্রির সুযোগ পাচ্ছেন।
দেশটির বাণিজ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রক্রিয়াজাত ইস্পাত আমদানি হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ টন। আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে ১৪ শতাংশ। ফলে দেশটির মোট ইস্পাত বাজারে আমদানি করা ইস্পাতের হিস্যা ১৯ শতাংশ থেকে কমে ১৬ শতাংশে নেমে এসেছে।
শিল্প খাতের বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, বছরের শেষ দিকে ইস্পাতের সরবরাহ আরো কমতে পারে। এতে তৈরি হতে পারে দাম বাড়ার চাপও। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন কারখানার উৎপাদন বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে। এতে ১০ লাখ টনের বেশি ইস্পাত উৎপাদন ব্যাহত হতে পারে। পাশাপাশি ইস্পাত তৈরির অন্যতম কাঁচামাল স্ক্র্যাপ বা পুরোনো ধাতুর দামও বাড়ছে। এসব কারণে বাড়ছে উৎপাদন ব্যয়ও। অন্যদিকে স্থানীয় উৎপাদকদের দর-কষাকষির ক্ষমতা বেড়ে যাওয়ায় ক্রেতাদের ওপর তৈরি হচ্ছে বাড়তি দামের চাপ।
বিশ্বের অন্যান্য বড় বাজারের তুলনায় যুক্তরাষ্ট্রে ইস্পাতের দাম এখন অনেক বেশি। ইউরোপের তুলনায় দেশটিতে ইস্পাতের দাম প্রায় ৬৬ শতাংশ বেশি। আর চীনের তুলনায় প্রায় তিন গুণ।
এতে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতের প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, দেশটির অনেক শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কাজের জন্য ইস্পাতের ওপর নির্ভরশীল। আমদানিতে শুল্ক আরোপের ফলে স্থানীয় উৎপাদকরা সুবিধা পেলেও ইস্পাতের বাড়তি দাম অন্য শিল্পের উৎপাদন ব্যয় বাড়াচ্ছে। একই সঙ্গে দেশগুলোর মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে যে আমদানিতে শুল্ক আরোপ করা হয়েছে তার নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।















