দেশের পুঁজিবাজারে গতকাল সব ধরনের সূচকই আগের কার্যদিবসের তুলনায় কমেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১ শতাংশ কমেছে। এছাড়া এক্সচেঞ্জটির অন্যান্য সূচকও গতকাল আগের কার্যদিবসের চেয়ে কমেছে। এদিন ডিএসইতে বেশির ভাগ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও গতকাল সূচকের নিম্নমুখিতা দেখা গেছে।

গতকাল ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৩৮৫ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২৬ পয়েন্ট কমে ২ হাজার ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৬৮ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৪৬ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, পূবালী ব্যাংক, গ্রামীণফোন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার।

ডিএসইতে গতকাল ৪১৮ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪৮২ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২৪৯টির ও দর অপরিবর্তিত ছিল ৫১টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৪ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৩ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। মিউচুয়াল ফান্ড খাত ১০ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৯ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল সাধারণ ব্যাংক খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ৪ শতাংশ।

গতকাল বেশির ভাগ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩ দশমিক ৮ শতাংশ, মিউচুয়াল ফান্ড ও কাগজ খাতে ২ দশমিক ৪, টেলিযোগাযোগ খাতে ১ দশমিক ৭, সেবা খাতে ১ দশমিক ৫ ও সাধারণ বীমা খাতে ১ দশমিক ৩ শতাংশ।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৬৪ পয়েন্ট কমে ৮ হাজার ৮৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১০৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৮৭টির ও দর অপরিবর্তিত ছিল ১৯টির।