জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকিং সেবা দিতে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায় জবি শিক্ষার্থীদের জন্য ফি কালেকশন, স্টুডেন্ট ফাইল এবং বিশেষ রেটে ব্যাংক হিসাব খোলা ও বিনামূল্যে ডেবিট কার্ডসহ বিভিন্ন সেবা দেবে ব্যাংকটি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীদের জন্য থাকছে পে-রোল ব্যাংকিং, ঋণ, ক্রেডিট কার্ড এবং বিনিয়োগসেবা। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদীন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এমএম মাহবুব হাসান উপস্থিত ছিলেন।
অন্যদিকে জবির পক্ষে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির প্রতিনিধি এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাইম ব্যাংকের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ প্লাটফর্ম ‘প্রাইম একাডেমিয়া’র আওতায় এ অংশীদারত্ব গড়ে তোলা হয়েছে। এ প্লাটফর্মের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে উদ্ভাবনী ব্যাংকিং কার্যক্রম বাস্তবায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে কাজ করছে ব্যাংকটি।










