বৈদ্যুতিক গাড়ি কেনায় গ্রাহকদের অর্থায়ন সুবিধা নিশ্চিতে বাংলাদেশে বিওয়াইডি ব্র্যান্ডের অনুমোদিত পরিবেশক সিজি রানার বিডি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি। এ অংশীদারত্বের আওতায়, গ্রাহকরা লিজ ফাইন্যান্স সুবিধায় বিওয়াইডির পরিবেশবান্ধব গাড়ি কেনার পাশাপাশি বিনামূল্যে কয়েকটি সেবা পাবেন। অ্যালায়েন্স ফাইন্যান্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি রাজধানীতে বিওয়াইডির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান্তি কুমার সাহা এবং সিজি রানার বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে শূন্য নিঃসরণ প্রযুক্তিনির্ভর যানবাহনের ব্যবহার ও টেকসই পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ ঘটবে। পাশাপাশি গ্রাহকদের গাড়ি কেনার প্রক্রিয়া সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি।
অনুষ্ঠানে অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা শাহানুর রশিদ, রিটেইল ফাইন্যান্স বিভাগের ইউনিটপ্রধান শাহানুর আলম মণ্ডল এবং ব্র্যান্ড, কমিউনিকেশন অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের উপব্যবস্থাপক নাভিলা হাসান উপস্থিত ছিলেন। এছাড়া সিজি রানার বিডির প্রধান অর্থ কর্মকর্তা মো. ফেরদৌসুর রহমান, করপোরেট সেলস বিভাগের ম্যানেজার ইমরান হোসেন ও সিনিয়র এক্সিকিউটিভ আবু সাদাত এম সায়েমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও শ্রীলংকার যৌথ উদ্যোগে পরিচালিত অ্যালায়েন্স ফাইন্যান্স এ অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকবান্ধব অর্থায়ন সেবা সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার উৎসাহিত করার প্রত্যয় জানিয়েছে।










