সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসির জন্য ৫০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) একটি সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। এ লেনদেনে লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ইউসিবিআইএল। সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে ইউসিবি।
লেনদেনটি সম্পন্ন হওয়া উপলক্ষে সম্প্রতি ঢাকায় ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরী এবং ইউসিবি ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা এমডি ও সিইও তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের সংশোধিত নিয়ন্ত্রক মূলধন কাঠামো ও ব্যাসেল-৩-এর আওতায় ট্রাস্ট ব্যাংকের টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহৃত হবে। পাশাপাশি ব্যাংকটির নিয়ন্ত্রক মূলধনের চাহিদা পূরণেও সহায়তা করবে এ অর্থ।
ইউসিবি ইনভেস্টমেন্ট জানিয়েছে, গত ছয় বছরে প্রতিষ্ঠানটি ৬৬টি বিনিয়োগ ব্যাংকিং লেনদেন সম্পন্ন করেছে। এসব লেনদেনের মাধ্যমে গ্রাহকদের জন্য ২১ হাজার ৬০০ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। ঋণ ও ইকুইটি মূলধন বাজার, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, একীভূতকরণ ও অধিগ্রহণ, ব্যবসায়িক মূল্যায়ন এবং পোর্টফোলিও ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিনিয়োগ ব্যাংকিং ও পরামর্শ সেবা দিয়ে থাকে ইউসিবি ইনভেস্টমেন্ট।










