সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে শায়লা বানু ঝুমুর সম্প্রতি যোগ দিয়েছেন। তিনি ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের মনোনীত প্রতিনিধি হিসেবে পর্ষদে যুক্ত হয়েছেন বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী শায়লা বানু ঝুমুরের আন্তর্জাতিক বাণিজ্য ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান পরিচালনায় তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এমএনআর গ্রুপের আওতাধীন শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক (সোয়েটার) প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েলডান অ্যাপারেলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহৎ শিল্প-কারখানা পরিচালনা, ব্যবস্থাপনা ও সামষ্টিক অর্থনীতি বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিভিন্ন দেশে ভ্রমণের মাধ্যমে অর্জিত বৈশ্বিক অভিজ্ঞতা শায়লা বানু ঝুমুরের দৃষ্টিভঙ্গিকে আরো বিস্তৃত করেছে, যা করপোরেট সুশাসন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। শায়লা বানু ঝুমুর দুই বছর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) অভিভাবক-শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বনানী ক্লাব, ঢাকা বোট ক্লাব, উত্তরা ক্লাব, পূর্বাচল লেডিস ক্লাব, গুলশান সোসাইটি ও গুলশান জগার্স সোসাইটিসহ বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী সংগঠনের সদস্য।