অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন লক্ষ্যমাত্রা ডিসেম্বরেও অপরিবর্তিত রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস। গতকাল অনুষ্ঠিত ভার্চ্যুয়াল বৈঠকে জোটটির প্রধান সাতটি সদস্যদেশ এ বিষয়ে একমত হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৈঠকে অংশ নেয় সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, আলজেরিয়া, কাজাখস্তান ও ওমান। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে টানা কয়েক মাস উপসাগরীয় দেশগুলোর জ্বালানি তেল রফতানি ব্যাহত হয়েছে। বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় রফতানি বাড়াচ্ছে দেশগুলো। তবে বেশিরভাগ দেশ এখনো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম তেল উত্তোলন করছে।

এর আগে গত সেপ্টেম্বরে দৈনিক সাড়ে ১৬ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত ধাপে ধাপে প্রত্যাহার করে ওপেক প্লাস। তবে বেশির ভাগ সদস্যদেশের জন্য দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল উত্তোলন কমানোর অপর একটি চুক্তি ২০২৬ সালের শেষ পর্যন্ত বহাল রয়েছে।

সদস্যদেশগুলোর চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) উত্তোলন সক্ষমতা পর্যালোচনা সম্পন্ন করবে জোটটি। এ মূল্যায়নের ওপর ভিত্তি করেই ২০২৭ সালের জন্য নতুন উত্তোলন কোটা নির্ধারণ করা হবে।