ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের দারোগা বাড়ি থেকে সামছুন নাহার বেগম (৮৯) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে নিজ ঘরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

সামছুন নাহার মৃত আবদুল খালেকের স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে ওই ঘরে থাকতেন। তার বয়স ৮৯ হলেও চলাফেরা করতে পারতেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে দারোগা বাড়িতে সামছুন নাহারের ছেলে ও তার পরিবার বেড়াতে যান। শুক্রবার রাতে তিনি ঘরে একাই ছিলেন। শনিবার (৪ জানুয়ারি) সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে তার মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে বিষয়টি জানান।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।