গোপালগঞ্জে কী হচ্ছে—এমন প্রশ্ন তুলে দ্রুত সরকারকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরই বর্তাবে বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে গতকাল বিকালে দেয়া এক পোস্টে জামায়াত আমির এ মন্তব্য করেন।
গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনা নিয়ে পোস্টে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যত দূর জানতে পেরেছি, এনসিপির নেতারা স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে আগে থেকেই আলাপ-আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতিই লক্ষ করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরই বর্তাবে।’
ফেসবুক পোস্টে জামায়াতের আমির আরো লেখেন, ‘আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সব ধরনের উচ্ছৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি।’










