ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ফেনীর পরশুরাম সীমান্তে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পরশুরাম উপজেলার পূর্ব নিজকালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নাইজেরিয়ান নাগরিকের নাম গিলবার্ট আপেহ (পিতা- এমেকা)। তার পাসপোর্ট নম্বর এ১০৮৮০৭৩৮।

পাসপোর্টের তথ্য অনুযায়ী, তিনি ২২ মে নাইজেরিয়া থেকে বিমানে ভারতের নিউ দিল্লি এয়ারপোর্টে আসেন। কিছুদিন ভারতে অবস্থান করার পর তিনি অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

এদিকে বিজিবির পৃথক অভিযানে ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী সোনাপুর কবরস্থান এলাকা থেকে ভারতীয় হুইস্কি ও ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাদকের মূল্য আনুমানিক ১৪ লাখ ৩২ হাজার টাকা।

IMG-20241229-WA0008

জব্দ করা মাদক দ্রব্য

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, আটক নাইজেরিয়ান নাগরিককে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।