ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে
স্বাগত জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। তিনি বলেছেন, কানাডা বাংলাদেশে চলমান
সংকটের সমাধানে শান্তিপূর্ণ পথে এগিয়ে যাওয়া সমর্থন করে। শুক্রবার (৯ আগস্ট) এক বিবৃতিতে
কানাডার পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডা বাংলাদেশে চলমান
সংকটের সমাধানে শান্তিপূর্ণ পথে এগিয়ে যাওয়া সমর্থন করে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে
একটি নতুন অন্তর্বর্তী সরকারকে আমরা স্বাগত জানাই। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং
গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করে শান্তি পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ। পরিবর্তনের
এ সময়কালে কানাডা এমন একটি প্রক্রিয়াকে সমর্থন করার জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে
সম্পৃক্ত হতে চায় চায় যা ধর্মীয় সংখ্যালঘু, যুব, মহিলা এবং অন্যান্য সংখ্যালঘুসহ
সমাজের সব ক্ষেত্রের ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট।
শান্ত থাকার আহ্বান পুনরাবৃত্তি করে মেলানি জোলি বলেন, কানাডা গণতান্ত্রিক
ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসনের নীতির প্রচারে
সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায়। কানাডা অন্তর্বর্তী সরকারকে মতপ্রকাশের
স্বাধীনতার অনুশীলনের সমর্থনে ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগের উপায়ে পূর্ণ প্রবেশাধিকার
বজায় রাখা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং মৃত্যু ও সহিংসতার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের
জন্য আহ্বান জানায়।










