যশোরের অভয়নগর উপজেলায় দুই সন্তানসহ স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম বাবু (৩৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাপাতলা নগরঘাটের একটি ঘাসবন থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর জহিরুল ইসলাম নিজেই পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন। জহিরুল যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মশিয়ার রহমান বিশ্বাসের ছেলে।

নিহতরা হলেন- জহিরুলের স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (২৮), মেয়ে সুমাইয়া খাতুন (৯) ও দুই বছরের শিশুকন্যা সাফিয়া। 

নিহত সাবিনার বাবা মুজিবর রহমান বলেন, গত ১ মাস আগে সাবিনা ও তার দুই মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসে। আজ জহিরুল ইসলাম আমার মেয়ে ও তার দুই কন্যাকে নিতে আসে। সকাল সাড়ে ১১টার সময় আমাদের বাড়ি থেকে তারা রওনা দেয়। এরপর আমার জহিরুলের পিতা বিকাল ৫টায় ফোন করে জানান, তার ছেলেকে আটক করে পুলিশে দিয়েছেন তিনি। এরপর জানতে পারি আমার মেয়ে ও তার দুই কন্যা সন্তানকে জহিরুল হত্যা করেছে।

মুজিবর রহমান আরো জানান, ১২ থেকে ১৩ বছর আগে জহিরুল ইসলাম বাবুর সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগে ছিল।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, জহিরুল ইসলাম বাবু তার স্ত্রী ও দুই কন্যাকে হত্যা করেছে। নিহত তিন জনের লাশ উপজেলার চাপাতলা নগরঘাটের ঘাসবন থেকে উদ্ধার করা হয়েছে। কেন বা কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এ মুহূর্তে বলতে পারছিনা। এ ঘটনার পর সে নিজেই এসে পুলিশের কাছে আত্মসমর্পন করেছে।