বাগেরহাটের মোংলায় ইঞ্জিনচালিত নসিমন দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মোংলার সোনাইলতলা গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে রোকন উদ্দিন (৬০) ও খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা গ্রামের মৃত জাফর মোল্লার ছেলে দিদার মোল্লা (৩২)। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নসিমনের সঙ্গে পাথরবোঝাই একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বুলেট সেন বলেন, ভোরে পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজন মৃত ও তিনজন আহত ছিলেন। আহতদের দুইজনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে, একজনকে মোংলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।