নিহতদের মধ্যে বরিশালে দুজন, রাজশাহী, চট্টগ্রামের মিরসরাই ও পঞ্চগড়ে একজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:
বরিশাল: জেলার উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। গতকাল উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) এবং তার ছেলে রুবেল কাজীর সাত বছরের মেয়ে আরফা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৭১) একটি বাস দুপুর সাড়ে ১২টার দিকে দ্রুতগতিতে মহাসড়ক পারাপাররত দাদি ও নাতনিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
রাজশাহী: পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় ডাম্প ট্রাকচাপায় আক্কাস আলী খলিফা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন দেয়। উপজেলার বিড়ালদহ মাজারের কাছে একটি দ্রুতগামী ডাম্প ট্রাকচাপায় ঘটনাস্থলেই আক্কাস আলী খলিফার মৃত্যু হয়। তিনি চারঘাট থানাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ রাজশাহী-নাটোর মহাসড়কে নেমে আসে। বিক্ষুব্ধ জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়ি দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা দেয় এবং দীর্ঘক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকের আগুন নেভায়। পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আইনি ব্যবস্থা নেয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মিরসরাই: বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় নুসরাত জাহান (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর চাচির সঙ্গে বাড়ি ফিরছিল নুসরাত। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নুসরাত। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
পঞ্চগড়: বোদা উপজেলায় চলন্ত যাত্রীবাহী বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাসচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। গতকাল সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কঁাঠালডাঙ্গী এলাকার বাসিন্দা।










