পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে সরকার। শেখ আশফাকুর রহমানকে সরিয়ে বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আজাদ সুবহানীকে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জনস্বার্থে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ আদেশ জারির কথা বলা হয়েছে। বদলি ও নতুন নিয়োগের কারণ অবশ্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

চেয়ারম্যান পরিবর্তনের দিনই পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ের সভাকক্ষে গতকাল বেলা ১১টা ২৫ মিনিটে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে গত রোববার পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে শেখ আশফাকুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছিল। তবে প্রথম সভার আগেই বোর্ডের নেতৃত্বে পরিবর্তন আনা হয়। শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালকের (প্রশিক্ষণ) দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরে রাজধানীর মিরপুর, গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্প অধ্যুষিত অঞ্চলে চলছে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষ। শ্রমিকদের পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। এ পরিস্থিতিতে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় বোর্ডের নেতৃত্ব পরিবর্তন বিশেষ গুরুত্ব পাচ্ছে।