দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ আরো চারজন। গত ২৪ ঘণ্টায় যশোর, নওগাঁ, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ায় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—

যশোর: জেলার অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব ব্রিজসংলগ্ন এলাকায় একটি পরিবহন পেছন থেকে একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুস সমাদ বিশ্বাস ও আব্দুল ওহাব নিহত হন। অন্যদিকে মঙ্গলবার রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ উড়োতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বুইকারা গ্রামের ওবায়দুর রহমানের ছেলে আবদুল্লাহ আল আপন মারা যান। এতে তার প্রতিবেশী হোসেন আলী গুরুতর আহত হন।

নওগাঁ: জেলার বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও অবৈধ যানের ধাক্কায় রূপালী ব্যাংক পিএলসির আক্কেলপুর শাখার অফিস সহায়ক আব্দুল হান্নান (৪১) নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

ময়মনসিংহ: জেলার ত্রিশালে বাসের ধাক্কায় বাবার বাইসাইকেলে করে ডাক্তার দেখাতে যাওয়ার পথে তাওহীদ নামের চার বছরের এক অসুস্থ শিশু নিহত হয়েছে। গতকাল সকালে কালিরবাজার-বৈলর সড়কের মোশাররফ হোসেন পুলিশের বাসার সামনে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মাছবাহী ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া: জেলায় যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও এক নারী নিহত হয়েছেন। এতে শিশুসহ আরো দুজন আহত হয়। গত মঙ্গলবার বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী টিএ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।