স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও কমনওয়েলথের উন্নত সদস্য দেশগুলোয় অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে থাকা দেশগুলোর আর্থসামাজিক রূপান্তর মসৃণ করতে এ সুবিধা অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি।
মঙ্গলবার অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) নির্বাহী অধিবেশনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান হুমায়ুন কবির। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী কমনওয়েলথের অভ্যন্তরীণ বাণিজ্যে এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়ায় থাকা দেশগুলোর অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্যের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরে জোটের বিপুল বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।
অ্যান্টিগুয়ার আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়া কনফারেন্স সেন্টারে আয়োজিত এ অধিবেশনে কমনওয়েলথের ৫৬টি সদস্য রাষ্ট্রের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলের নেতারা অংশ নেন।
অধিবেশনে বাণিজ্য, বিনিয়োগ ও বেসরকারি খাতে অর্থায়নে সহযোগিতা জোরদারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন কমনওয়েলথ নেতারা। আন্তর্জাতিক মুদ্রা, আর্থিক ও বাণিজ্য ব্যবস্থায় অধিকতর সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন তারা। পাশাপাশি জলবায়ু অর্থায়নে অংশীদারত্ব জোরদার এবং তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা বাড়ানোর প্রস্তাব দেন।
গত ১-৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেয়া হয়।










