ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, বেসরকারি টেলিভিশন স্টেশন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। সেসময় এ প্রতিষ্ঠানের প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও হেফাজতে নিয়েছে পুলিশ।
ইকবাল সোবহান চৌধুরীকে আটকের তথ্য দিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, ‘তাকে গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে কারণে আমরা তাকে জিজ্ঞাসা করার জন্য নিয়ে এসেছি। তবে কী ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সেটা তিনি ব্যাখ্যা করেননি।’
ইকবাল সোবহান চৌধুরী ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বেও আছেন। ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি আকতার হোসেন বলেন, ‘একটি নিউজ প্রচারকে কেন্দ্র করে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।’ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা কী সে বিষয়ে আকতার হোসেনও স্পষ্ট করে কিছু বলেননি। তাদের কী গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চাইলে আকতার হোসেন বলেন, ‘না তাদের সঙ্গে ডিবি কথা বলছে।’
এ ঘটনার পর বিকালে ডিবিসির কার্যালয়ে কথা বলতে গেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদীর অনিক। তিনি বলেন, ‘ডিবিসি অফিস থেকে যখন ইকবাল সোবহান চৌধুরী বের হচ্ছিলেন তখন তাকে রাস্তা থেকে নিয়ে গেছে ডিবি। কেন তাকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমরা ক্লিয়ার না। আমরা ধারণা করে বলতে পারি জুলাই রেভল্যুশনের সময়কার যে মামলা ছিল, সেই কেন্দ্রিক কিছু। আমরাও ডিবিসির পক্ষ থেকে জানার চেষ্টা করছি কেন তাকে আটক করা হলো।’
ডিবিসির সাংবাদিক রাজীব ঘোষকে নিয়ে যাওয়া প্রসঙ্গে মুক্তাদীর বলেন, ‘যেহেতু উনি ক্রাইম বিট করেন, ডিবিসির ক্রাইম চিফ তাই পুলিশের কর্মকর্তার সঙ্গে তার ভালো সম্পর্ক আছে। সেই সুবাদে তাকে কথা বলার জন্য নিয়ে গেছে। তাকে ধরে নিয়ে গেছে এটা আসলে ঠিক না।’
এদিকে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া পর্যালোচনা-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে বলেন, ‘যদি তিনি (ইকবাল সোবহান চৌধুরী) আটক হয়ে থাকেন, তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’ বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।










